prothomalo.com
গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের রেলপথ ও আঞ্চলিক সড়ক অবরোধ
বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য উপসহকারী প্রকৌশলী পদে ৩৩ শতাংশ কোটা বাতিলের দাবিতে গাজীপুরে রেলপথ ও আঞ্চলিক সড়ক অবরোধ করেছেন ডিপ্লোমা প্রকৌশল শিক্ষার্থীরা। এতে শিমুলতলী আঞ্চলিক সড়কে যানবাহন এবং গাজীপুর-রাজশাহী রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা বাতিলসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন ডিপ্লোমা প্রকৌশল শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার বেলা ১১টায় গাজীপুর নগরের মাঝিরখোলা এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। এতে শিমুলতলী আঞ্চলিক সড়কে যানবাহন এবং গাজীপুর–রাজশাহী রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। সকাল সাড়ে ১০টা থেকে আন্দোলনকারীরা কর্মসূচি শুরু করলে সড়ক ও রেলপথে চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েন। জয়দেবপুর জংশনে দুটি ট্রেন যাত্রাবিরতি করে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, উপসহকারী প্রকৌশলী ও সমমানের দশম গ্রেডের পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা প্রদান ডিপ্লোমা প্রকৌশলীদের সঙ্গে বৈষম্য। শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক বিজ্ঞপ্তিকে তারা লোকদেখানো বলে দাবি করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।
বিক্ষোভকারীদের দাবির মধ্যে রয়েছে, দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী ও সমমানের পদ শুধু ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য সংরক্ষণ, বিতর্কিত সার্কুলার বাতিল এবং এ–সংক্রান্ত রিটের দ্রুত নিস্পত্তি। সড়ক ও রেলপথ অবরোধের কারণে সাধারণ যাত্রী ও কর্মজীবীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। বিকল্প সড়কে যান চলাচল বেড়ে যাওয়ায় গাজীপুরের বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার মুন্না বণিক বলেন, রেলপথ অবরোধের কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। জয়দেবপুর জংশনে দুটি ট্রেন যাত্রাবিরতি করে আছে। এতে যাত্রীরাও দুর্ভোগের মধ্যে পড়েছেন। গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছে।
0