prothomalo.com
চলন্ত ট্রেনে কন্ডেন্সার কয়েল চুরি, বিকল এসি কোচ রেখেই ঢাকার উদ্দেশ্যে যাত্রা
পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের একটি এসি কোচের কন্ডেন্সার কয়েল চুরি হওয়ায় এসি বিকল হয়ে যায়। পরে কোচটি ছাড়াই ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
ঢাকা থেকে পঞ্চগড়গামী একটি ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কোচের কন্ডেন্সার কয়েল চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনার পর কোচটির এসি বিকল হয়ে যায়। বৃহস্পতিবার দুপুর ১২টা ২০ মিনিটে ‘পঞ্চগড় এক্সপ্রেস’ নামের ট্রেনটি ওই কোচটি ছাড়াই ঢাকার উদ্দেশ্যে পঞ্চগড় ছেড়ে যায়।
পঞ্চগড় রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, কন্ডেন্সার কয়েল চুরি হওয়ার কারণে এসি বিকল হওয়া কোচটিকে আলাদা করে রাখা হয়েছে। কোচটি মেরামত না হওয়া পর্যন্ত ১৩টির বদলে ১২টি কোচ নিয়ে ট্রেনটি আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলাচল করবে।
গতকাল বুধবার রাত ৮টা ৪৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা ‘দ্রুতযান এক্সপ্রেস’ নামের ট্রেনটি আজ সকাল ৭টা ৫৫ মিনিটে পঞ্চগড় রেলওয়ে স্টেশনে পৌঁছায়। ধারণা করা হচ্ছে, পথেই ট্রেনের এসি কোচের ছাদের ওপর থেকে কন্ডেন্সার কয়েল চুরি হয়েছে। রেলওয়ে বিভাগের কর্মীরা জানিয়েছেন, এর আগেও এমন ঘটনা ঘটেছে।
পঞ্চগড় রেলওয়ে স্টেশনের বৈদ্যুতিক বিভাগের একজন কর্মী জানান, বেশির ভাগ সময় ঢাকা থেকে আসার পথেই এই চুরির ঘটনা ঘটে। চলন্ত ট্রেনে উঠে কিছু চোর কন্ডেন্সার কয়েলগুলো চুরি করে নিয়ে যায়।
রেখে যাওয়া কোচটিতে ৭৮টি আসন রয়েছে। পঞ্চগড় থেকে এই কোচের আসন বরাদ্দ না থাকলেও ঠাকুরগাঁও ও দিনাজপুর থেকে আসন বরাদ্দ ছিল। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ওই যাত্রীদের গতকাল রাতেই বিষয়টি জানানো হয়েছে এবং টিকিটের টাকা ফেরত দেওয়া হয়েছে।
পঞ্চগড় রেলস্টেশনের মাস্টার জাহিদুল ইসলাম জানান, সকালে ট্রেনটি পঞ্চগড় স্টেশনে আসার পর বিদ্যুৎ বিভাগ জানায় যে একটি কোচের কন্ডেন্সার কয়েল পাওয়া যাচ্ছে না। এরপর ওই কোচটি বাতিল করা হয় এবং কোচের টিকিট বিক্রি বন্ধ রাখা হয়। যেসব যাত্রী আগে থেকে টিকিট কিনেছিলেন, তাদের টাকা ফেরত দেওয়া হয়েছে। ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ওই ট্রেনে একটি কোচ কম চলাচল করবে।
0