prothomalo.com
পর্যটক এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, কর্মচারী আহত
কক্সবাজার থেকে ঢাকাগামী পর্যটক এক্সপ্রেসে পাথর নিক্ষেপের ঘটনায় ছাবের আহমদ নামের একজন রেল কর্মচারী আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কক্সবাজার থেকে ঢাকাগামী পর্যটক এক্সপ্রেসে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ছাবের আহমদ (৫২) নামের একজন রেল কর্মচারী আহত হয়েছেন। গতকাল সোমবার রাত ৮টা ১৫ মিনিটে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা এলাকায় এই ঘটনা ঘটে।
আহত ছাবের আহমদ রেলওয়ের বেডিং পোর্টার পদে কর্মরত। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার মাথায় ১০টি সেলাই করা হয়েছে।
রেলওয়ে সূত্রে জানা যায়, ট্রেনটি কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করার পর ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ রেলস্টেশন পার হয়ে ডুলাহাজারা রেলওয়ে স্টেশনে পৌঁছানোর আগে দুর্বৃত্তরা পাথর নিক্ষেপ করে। পাথরটি ছাবের আহমদের মাথায় লাগলে তিনি গুরুতর আহত হন। পরে ট্রেন থামিয়ে তাকে মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ডুলাহাজারা রেলওয়ে স্টেশনের মাস্টার মোহাম্মদ মোস্তফা জানান, ঈদগাঁও ও চকরিয়া উপজেলার মধ্যবর্তী স্থানে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। আহত ছাবের আহমদের মাথায় ১০টি সেলাই করা হয়েছে এবং তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
0