রেলওয়ে সংবাদ
ছয় ঘণ্টা পর ঢাকা-উত্তরবঙ্গ রেল চলাচল শুরু
টাঙ্গাইলের মির্জাপুরে ট্র্যাক মেরামত শেষে ছয় ঘণ্টা পর ঢাকা-উত্তরবঙ্গ রুটে রেল চলাচল পুনরায় শুরু হয়েছে। নীল সাগর এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ার পর এই রুটে যোগাযোগ বন্ধ ছিল।
এক নজরে
- টাঙ্গাইলের মির্জাপুরে ট্র্যাক মেরামত শেষে ছয় ঘণ্টা পর ঢাকা-উত্তরবঙ্গ রুটে রেল চলাচল পুনরায় শুরু হয়েছে।
- নীল সাগর এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ার পর এই রুটে যোগাযোগ বন্ধ ছিল।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ট্র্যাক মেরামত শেষে ছয় ঘণ্টা পর ঢাকা-উত্তরবঙ্গ রুটে রেল চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে মহেড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সোহেল রানা দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, 'লাইনচ্যুত বগিটি উদ্ধার ও ব্লক পয়েন্ট মেরামতের পর দুপুর আড়াইটার দিকে এই রুটে রেল চলাচল পুনরায় শুরু হয়।' 'দুপুর ৩টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি মহেড়া স্টেশন পেরিয়ে গেছে,' বলেন তিনি।
সকাল ৯টার দিকে মহেড়া স্টেশনের কাছে ঢাকা থেকে চিলাহাটিগামী 'নীল সাগর এক্সপ্রেস' ট্রেনের পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে রেল ট্র্যাকের ব্লক পয়েন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ সময় বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে।
দুপুর ১টার দিকে পাবনার ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় লাইনচ্যুত বগিটি উদ্ধার করে। পাকশী বিভাগের ট্রাফিক পরিদর্শক (সান্তাহার) হাবিবুর রহমান বলেন, এই ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সূত্র: bangla.thedailystar.net