রেলওয়ে সংবাদ
কাল থেকে কক্সবাজার যাচ্ছে মহানগর এক্সপ্রেস, ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বেড়ে ৩
ঢাকা-চট্টগ্রাম রুটের আন্তঃনগর মহানগর এক্সপ্রেস আগামীকাল সোমবার থেকে কক্সবাজার পর্যন্ত চলাচল করবে, ফলে ঢাকা-কক্সবাজার রুটে সরাসরি ট্রেনের সংখ্যা বেড়ে তিনটি হবে।
এক নজরে
- ঢাকা-চট্টগ্রাম রুটের আন্তঃনগর মহানগর এক্সপ্রেস আগামীকাল সোমবার থেকে কক্সবাজার পর্যন্ত চলাচল করবে, ফলে ঢাকা-কক্সবাজার রুটে সরাসরি ট্রেনের সংখ্যা বেড়ে তিনটি হবে।
ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী আন্তঃনগর মহানগর এক্সপ্রেস আগামীকাল সোমবার (২৬ অক্টোবর) থেকে কক্সবাজার পর্যন্ত চলাচল করবে। এতে ঢাকা-কক্সবাজার রুটে সরাসরি চলাচলকারী ট্রেনের সংখ্যা বেড়ে দাঁড়াবে তিনটিতে।
রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগর এক্সপ্রেসের বর্ধিত রুটে চলাচল উদ্বোধন উপলক্ষে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উপস্থিত থাকবেন।
বাংলাদেশ রেলওয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে ঢাকা-কক্সবাজার রুটে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস চলাচল করছে। মহানগর এক্সপ্রেস যুক্ত হলে এ রুটে সরাসরি ট্রেনের সংখ্যা দাঁড়াবে তিনটিতে। অন্যদিকে, চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচল করছে সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস।
নতুন সময়সূচি অনুযায়ী, মহানগর এক্সপ্রেস ঢাকার কমলাপুর স্টেশন থেকে রাত সাড়ে ৮টায় ছেড়ে পরদিন সকাল ৬টায় কক্সবাজার পৌঁছাবে। ফিরতি পথে ট্রেনটি কক্সবাজার থেকে সকাল ৮টায় ছেড়ে দুপুর ১২টা ২০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে। সেখান থেকে দুপুর সাড়ে ১২টায় ছেড়ে সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকায় পৌঁছাবে।
নতুন এ ব্যবস্থায় ঢাকা-চট্টগ্রাম রুটের মধ্যবর্তী বিভিন্ন এলাকার যাত্রীরাও সরাসরি ট্রেনে কক্সবাজার যাওয়ার সুযোগ পাবেন। মহানগর এক্সপ্রেস নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট ও ফেনীসহ ১১টি স্টেশনে যাত্রাবিরতি দেবে। তবে নতুন সময়সূচিতে সীতাকুণ্ডের কুমিরা স্টেশনে যাত্রাবিরতি থাকছে না।
রেলওয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, মহানগর এক্সপ্রেসে মোট ১৬টি কোচ থাকবে। ট্রেনটিতে শোভন চেয়ার, স্নিগ্ধা, এসি সিট ও এসি বার্থ শ্রেণির আসনের ব্যবস্থা থাকবে।
সূত্র: tbsnews.net