রেলওয়ে সংবাদ
পাবনা-ঢাকা রুটে নতুন ট্রেন চলাচল নভেম্বরের শেষে: রেলপথ সচিব
আগামী নভেম্বরের শেষ দিকে ঢাকা-পাবনা রুটে নতুন ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। ট্রেনটি ঈশ্বরদী জংশন স্টেশনে স্টপেজ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এক নজরে
- আগামী নভেম্বরের শেষ দিকে ঢাকা-পাবনা রুটে নতুন ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম।
- ট্রেনটি ঈশ্বরদী জংশন স্টেশনে স্টপেজ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
আগামী নভেম্বরের শেষ দিকে ঢাকা-পাবনা রুটে নতুন ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। বৃহস্পতিবার (২২ অক্টোবর) পাবনার ঈশ্বরদী পাকশী হার্ডিঞ্জ ব্রিজ এলাকা পরিদর্শন শেষে রাতে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা বলেন।
এসময় সচিব আরও বলেন, ট্রেনটির ঈশ্বরদী জংশন স্টেশনে স্টপেজ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম ২২ ও ২৩ অক্টোবর দুই দিনের সরকারি সফরে এসে পাবনা ও কুষ্টিয়া জেলার রেলওয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করবেন। তিনি ২২ অক্টোবর দুপুরে পাকশীতে এসে পৌঁছান। এরপর তিনি বিকেলে পাকশী হার্ডিঞ্জ ব্রিজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন।
জানা গেছে, ঈশ্বরদী-পাবনা রেলপথে ২০১৮ সালে ১৫ জুলাই ‘পাবনা এক্সপ্রেস’ নামে একটি ট্রেন চলাচলের মধ্যদিয়ে এ রেল রুটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ঈশ্বরদী-পাবনা রেলপথ চালুর পর থেকে পাবনা-ঢাকা সরাসরি একটি যাত্রীবাহী আন্তঃনগর ট্রেনের দাবি জানিয়ে আসছে পাবনাবাসী। রাষ্ট্রপতি, মন্ত্রী, এমপি, সচিবদের বারবার আশ্বাসের পরও এ রেলপথে নতুন ট্রেন চালু হয়নি।
১ হাজার ৭১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৭৯ কিলোমিটার দীর্ঘ এ রেলপথে এখন শুধুমাত্র পাবনা-রাজশাহী রুটে ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনটি চলাচল করে। ফলে এ রেলরুটে বিপুল অর্থ লোকসান গুনতে হয় সরকারকে।
গত ২০ জুন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলমন্ত্রী শেখ রবিউল আলম পাবনা সার্কিট হাউজে ঘোষণা দেন ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে চলতি বছরের আগস্টে। কিন্তু এরপরও ট্রেনের যাত্রীবাহী কোচ (বগি) সংকটের কারণে এ ট্রেন এখনো চালু হয়নি।
সম্প্রতি ভারত থেকে ট্রেনের নতুন বগি এসেছে। এ বগি দিয়ে পাবনা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালু হবে বলে জানা গেছে।
সূত্র: jagonews24.com