রেলওয়ে সংবাদ
রেলক্রসিংয়ে বালুবাহী ট্রাক আটকে, লালপতাকা উড়িয়ে থামানো হলো ট্রেন
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় রেলক্রসিংয়ে বালুবাহী ট্রাকের এক্সেল ভেঙে আটকে পড়ায় দ্রুত লালপতাকা উড়িয়ে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন থামানো হয়। এতে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
এক নজরে
- টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় রেলক্রসিংয়ে বালুবাহী ট্রাকের এক্সেল ভেঙে আটকে পড়ায় দ্রুত লালপতাকা উড়িয়ে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন থামানো হয়।
- এতে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় রেললাইন পার হওয়ার সময় বালুবাহী একটি ট্রাকের সামনের চাকার এক্সেল ভেঙে রেলক্রসিংয়ে আটকে যায়। এসময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন ঢাকার দিকে আসছিল।
স্থানীয়দের সহযোগিতায় সল্লা রেলওয়ের গেটম্যান লাল পতাকা উড়িয়ে ট্রেনটি থামিয়ে দেন। এতে ট্রেনের হাজারো যাত্রী দুর্ঘটনা থেকে রক্ষা পান। ঘটনাটি শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টা ১৫ মিনিটের দিকে উপজেলার সল্লা বাসস্ট্যান্ডের রেলক্রসিংয়ে ঘটে।
স্থানীয়রা ও সল্লা বাসস্ট্যান্ড রেলওয়ের গেটম্যান মিজান জানান, যমুনা সেতু পারাপারের জন্য বালুবাহী ট্রাকটি সল্লা বাসস্ট্যান্ড এলাকায় বালু আনলোড করতে যাচ্ছিল। রেললাইনে ওঠার সময় সামনের চাকার এক্সেল ভেঙে গেলে ট্রাকটি লাইনের ওপর আটকে যায়।
পরে অন্য একটি ট্রাক দিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরানোর চেষ্টা করেও ব্যর্থ হয় চালক। পরে একটু দূরে থাকা মাটি কাটার ভেকু (ব্যাকহো) মেশিন এনে ধাক্কা দিয়ে ট্রাকটি রেললাইন থেকে সরানো হয়। এরপর ১২টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। গেটম্যান মিজান জানান, এই দুর্ঘটনায় রেললাইনের কোনো ক্ষতি হয়নি।
সূত্র: banglanews24.com