রেলওয়ে সংবাদ
স্টেশন চালুর দাবিতে চুয়াডাঙ্গায় রেলপথ অবরোধ, তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ
চুয়াডাঙ্গার জীবননগরে আনসারবাড়ীয়া রেলওয়ে স্টেশন পূর্ণাঙ্গ চালুর দাবিতে স্থানীয় বাসিন্দারা রেলপথ অবরোধ করে প্রায় তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ করে দেন। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
এক নজরে
- চুয়াডাঙ্গার জীবননগরে আনসারবাড়ীয়া রেলওয়ে স্টেশন পূর্ণাঙ্গ চালুর দাবিতে স্থানীয় বাসিন্দারা রেলপথ অবরোধ করে প্রায় তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ করে দেন।
- এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
চুয়াডাঙ্গার জীবননগরের আনসারবাড়ীয়া রেলওয়ে স্টেশন পূর্ণাঙ্গভাবে চালুসহ তিন দফা দাবিতে রেলপথ অবরোধ করে আন্দোলন করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের কর্মসূচির কারণে খুলনার সঙ্গে প্রায় ৩ ঘণ্টা দেশের বিভিন্ন অঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। এতে বিভিন্ন স্টেশনে আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টা ১৩ মিনিটে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি আনসারবাড়ীয়া রেলওয়ে স্টেশনে পৌঁছালে সেটি থামিয়ে অবরোধ শুরু করেন আন্দোলনকারীরা। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুরু হওয়া এ অবরোধ দুপুর ১টা পর্যন্ত চলে।
অবরোধের খবর পেয়ে চুয়াডাঙ্গা থেকে রেলওয়ের একটি প্রতিনিধি দল, জীবননগর উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। তারা বিষয়টি নিয়ে আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
আন্দোলনকারীদের দাবি, দীর্ঘদিন ধরে আনসারবাড়ীয়া স্টেশনে প্রয়োজনীয় জনবল ও অবকাঠামোগত সুযোগ-সুবিধার অভাব রয়েছে। এ অবস্থার অবসান ঘটিয়ে স্টেশনটি পূর্ণাঙ্গভাবে চালু করতে হবে। তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে- স্টেশনটিতে অন্তত দুজন স্টেশনমাস্টারসহ প্রয়োজনীয় জনবল নিয়োগ, আধুনিক প্ল্যাটফর্ম ও বিশ্রামাগার নির্মাণসহ অবকাঠামোগত উন্নয়ন এবং ঢাকা-খুলনা ও খুলনা-রাজশাহী রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের উভমুখী যাত্রাবিরতি নিশ্চিত করা।
অবরোধ কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, উপজেলা জামায়াতের নায়েবে আমির সাখাওয়াত হোসেন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান এবং আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির হারুন অর রশিদ।
সূত্র: jagonews24.com