রেলওয়ে সংবাদ
টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুতির ছয় ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
টাঙ্গাইলের মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেসের শেষ বগি লাইনচ্যুত হওয়ার ছয় ঘণ্টা পর বৃহস্পতিবার বিকেলে ঢাকা-উত্তরাঞ্চল রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
এক নজরে
- টাঙ্গাইলের মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেসের শেষ বগি লাইনচ্যুত হওয়ার ছয় ঘণ্টা পর বৃহস্পতিবার বিকেলে ঢাকা-উত্তরাঞ্চল রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
টাঙ্গাইলের মির্জাপুরের মাহেরা রেলস্টেশন এলাকায় নীলসাগর এক্সপ্রেসের শেষ বগি লাইনচ্যুত হওয়ার ছয় ঘণ্টা পর বৃহস্পতিবার বিকেলে ঢাকা ও উত্তরাঞ্চলের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে চিলাহাটিগামী ট্রেনটি মাহেরা স্টেশন অতিক্রম করার সময় শেষ বগিটি লাইনচ্যুত হয়। এতে রেল যোগাযোগ ব্যাহত হয়ে ১৫টি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।
মাহেরা রেলস্টেশন মাস্টার সোহেল রানা জানান, দুপুর ১টার দিকে ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। বিকেল ৩টার দিকে উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় ও রেলস্টেশন সূত্রে জানা যায়, মির্জাপুর স্টেশন অতিক্রম করে মাহেরা স্টেশনে পৌঁছানোর ১০ মিনিট পর শেষ বগিটি লাইনচ্যুত হয়। এতে বিকট শব্দ ও কালো ধোঁয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেন থামার পর যাত্রীরা দ্রুত নামতে গিয়ে কয়েকজন আহত হন।
এ ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সূত্র: jagonews24.com