রেলওয়ে সংবাদ
প্রথমবারের মতো হিলিতে থামছে ঢাকাগামী ট্রেন, খবরে উচ্ছ্বাস
দিনাজপুরের হিলি রেলওয়ে স্টেশনে প্রথমবারের মতো ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের স্টপেজের অনুমতি দিয়েছে রেল কর্তৃপক্ষ। এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন হিলিবাসী।
এক নজরে
- দিনাজপুরের হিলি রেলওয়ে স্টেশনে প্রথমবারের মতো ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের স্টপেজের অনুমতি দিয়েছে রেল কর্তৃপক্ষ।
- এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন হিলিবাসী।
দিনাজপুরের হিলি রেলওয়ে স্টেশনে প্রথমবারের মতো ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের স্টপেজের অনুমতি দিয়েছে রেল কর্তৃপক্ষ। এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন হিলিবাসী।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় হিলি রেলওয়ে স্টেশন এলাকা থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে পোর্ট বন্দর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গোডাউন মোড়ে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পীসহ অনেকে বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, স্বাধীনতা পর এই প্রথম হিলি রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের স্টপেজের অনুমতি মিলেছে, যা হিলিবাসীর জন্য আনন্দের খবর। নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেস নামের দুটি ট্রেনের স্টপেজ দেওয়া হয়েছে। এর মাধ্যমে হিলি স্থলবন্দর এলাকা আরও এক ধাপ এগিয়ে গেল।
বুধবার (২৮ অক্টোবর) রাতে বাংলাদেশ রেলওয়ের সিনিয়র সহকারী সচিব নাসরিনের সই করা এক পরিপত্রে এ আদেশ জারি করা হয়। এতে বলা হয়, যাত্রীর চাহিদা ও রেলওয়ের রাজস্ব আয় বিবেচনা করে হিলি রেলওয়ে স্টেশনের দিনের বেলায় আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস, আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির অনুমোদন দেওয়া হলো।
দীর্ঘদিন ধরে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির আন্দোলনকারী মো. হান্নান জাগো নিউজকে বলেন, ‘বেশ কিছুদিন ধরেই হিলি স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির জন্য বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়াসহ মানববন্ধন করে আসছিলাম। গতকালের এই চিঠি পেয়ে হিলিবাসীর অনেক দিনের স্বপ্ন পূরণ হলো।’
হাকিমপুর নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বলেন, ‘হিলিতে দেশের একটি বৃহত্তর স্থলবন্দর রয়েছে। এখানে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতির খুবই দরকার ছিল। বুধবার দিনের বেলায় আন্তঃনগর দুটি ট্রেন দাঁড়ানোর (বিরতি) চিঠি দেখেছি। এটা হিলিবাসীর জন্য আনন্দের খবর। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি, এটি দ্রুত বাস্তবায়ন করা হোক।’
হিলি স্টেশন মাস্টার সূত্রে জানা গেছে, বর্তমানের হিলি স্টেশনে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস, খুলনাগামী খুলনা মেইল এবং রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস—এ তিনটি ট্রেনের যাত্রাবিরতির অনুমতি আছে।
হিলি স্টেশনের মাস্টার জয়ন্ত চক্রবর্তী বলেন, ‘আমাদের হাতে এখনো চিঠি এসে পৌঁছায়নি। কবে নাগাদ ট্রেন দাঁড়ানো শুরু হবে, এসব বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। আশা করছি, কয়েক দিনের মধ্যে চিঠি হাতে পেয়ে যাব।’
সূত্র: jagonews24.com