রেলওয়ে সংবাদ
ঢাকা-কক্সবাজার রুটে আরও এক জোড়া ট্রেন, থামবে যেসব স্টেশনে
ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের রুট বর্ধিত করে আরও এক জোড়া ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। নতুন এই সার্ভিসে ট্রেনটি ১২টি স্টেশনে যাত্রাবিরতি দেবে এবং যাত্রা সময় হবে ৯ ঘণ্টা ৩০ মিনিট।
এক নজরে
- ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের রুট বর্ধিত করে আরও এক জোড়া ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে।
- নতুন এই সার্ভিসে ট্রেনটি ১২টি স্টেশনে যাত্রাবিরতি দেবে এবং যাত্রা সময় হবে ৯ ঘণ্টা ৩০ মিনিট।
ঢাকা-কক্সবাজার রুটে আরও এক জোড়া ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। এই রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেসের রুট কক্সবাজার পর্যন্ত বাড়িয়ে এ ট্রেন চালু করেছে রেল কর্তৃপক্ষ।
সোমবার (২৬ অক্টোবর) ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) থেকে মহানগর এক্সপ্রেসের এই বর্ধিত রুটে যাত্রা উদ্বোধন করেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম।
রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সচিব মো. ফাহিমুল ইসলাম, রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ রেল মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
মহানগর এক্সপ্রেসের এই যাত্রার মাধ্যমে ঢাকা-কক্সবাজার রুটে মোট ট্রেনের সংখ্যা হলো তিন জোড়া।
ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার পর্যন্ত ৪৬৭.৮৩ কিলোমিটার দীর্ঘ এ পথে ট্রেনটির যাত্রাবিরতি থাকবে মোট ১২টি স্টেশনে।
ঢাকা ও কক্সবাজার প্রান্তিক স্টেশন ছাড়াও এর মধ্যবর্তী বিমানবন্দর, নরসিংদী, ভৈরববাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট, ফেনী ও চট্টগ্রামে এ ট্রেনের যাত্রাবিরতি থাকবে। নতুন এ সার্ভিস চালুর ফলে ট্রেনটির কুমিরা স্টেশনে যাত্রাবিরতি প্রত্যাহার করা হয়েছে।
ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে যাবে রাত ৮টা ৩০ মিনিটে এবং কক্সবাজার পৌঁছাবে সকাল ৬টায়। অন্যদিকে কক্সবাজার থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে সকাল ৯টায় এবং ঢাকায় পৌঁছাবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।
উভয় ক্ষেত্রে যাত্রার মোট রানিং টাইম ধরা হয়েছে ৯ ঘণ্টা ৩০ মিনিট। ট্রেনটির রেক বেইজ, ওয়াটারিং ও ক্লিনিং হবে কক্সবাজারে। প্রতি রোববার থাকবে সাপ্তাহিক বন্ধ। মোট আসন সংখ্যা ৭৩৬ ও ৭০৬টি, পূর্বের নির্ধারিত ভাড়ার হার অনুযায়ী এর ভাড়া প্রযোজ্য হবে।
বর্তমানে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে দুই জোড়া ট্রেন চলাচল করছে- পর্যটন এক্সপ্রেস ও কক্সবাজার এক্সপ্রেস। পর্যটননগরী কক্সবাজারের এই রুটে ট্রেনে চলাচলের জন্য যাত্রীদের চাহিদার পরিপ্রেক্ষিতে ঢাকা-চট্টগ্রাম রুটে পরিচালিত ট্রেনেটির রুট বর্ধিত করে কক্সবাজার পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে।
বর্তমান সরকারের আন্তঃনগর রেল সার্ভিস বৃদ্ধিবিষয়ক নির্বাচনি ইশতেহারের সঙ্গে সঙ্গতি রেখে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ঢাকা-চট্টগ্রাম রুটের বিভিন্ন স্থানের যাত্রীদের রেলযোগে সরাসরি কক্সবাজারে যাতায়াতের সুযোগ বাড়লো।
সূত্র: jagonews24.com