রেলওয়ে সংবাদ
নতুন ট্রেনে কক্সবাজার যেতে সময় লাগবে ৯ ঘণ্টা ৩০ মিনিট
ঢাকা-কক্সবাজার রুটে মহানগর প্রভাতী এক্সপ্রেসের রুট সম্প্রসারণ করে নতুন ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। ট্রেনটির রানিং টাইম ধরা হয়েছে ৯ ঘণ্টা ৩০ মিনিট এবং ভাড়া সাধারণ শোভন চেয়ারে ৬৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এক নজরে
- ঢাকা-কক্সবাজার রুটে মহানগর প্রভাতী এক্সপ্রেসের রুট সম্প্রসারণ করে নতুন ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে।
- ট্রেনটির রানিং টাইম ধরা হয়েছে ৯ ঘণ্টা ৩০ মিনিট এবং ভাড়া সাধারণ শোভন চেয়ারে ৬৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
ঢাকা-কক্সবাজার রুটে আরও এক জোড়া ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। এই রুটে চলাচলকারী মহানগর প্রভাতী এক্সপ্রেসের রুট কক্সবাজার পর্যন্ত বাড়িয়ে এ ট্রেন চালু করেছে রেল কর্তৃপক্ষ।
গত সোমবার (২৬ অক্টোবর) ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) থেকে মহানগর এক্সপ্রেসের এই বর্ধিত রুটে যাত্রা উদ্বোধন করেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম।
ওই দিন রেলমন্ত্রী জানান, ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে যাবে রাত ৮টা ৩০ মিনিটে এবং কক্সবাজার পৌঁছাবে সকাল ৬টায়। অন্যদিকে কক্সবাজার থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে সকাল ৯টায় এবং ঢাকায় পৌঁছাবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।
উভয় ক্ষেত্রে যাত্রার মোট রানিং টাইম ধরা হয়েছে ৯ ঘণ্টা ৩০ মিনিট। ট্রেনটির রেক বেইজ, ওয়াটারিং ও ক্লিনিং হবে কক্সবাজারে। প্রতি রোববার থাকবে সাপ্তাহিক বন্ধ।
অনুষ্ঠানে ভাড়ার বিষয়ে রেলমন্ত্রী জানান, কম খরচে যাতায়াত করতে ইচ্ছুক যাত্রীদের জন্য সাধারণ শোভন চেয়ারের ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র ৬৮৫ টাকা। অন্যদিকে এসি চেয়ারের ভাড়া পড়বে প্রায় ১ হাজার ৩১১ টাকা। নতুন এই ট্রেনটিতে ৭০৬টি আসন রয়েছে।
এই রুটে মোট ট্রেনের সংখ্যা হলো তিন জোড়া। এর আগে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে পর্যটন এক্সপ্রেস ও কক্সবাজার এক্সপ্রেস নামে দুই জোড়া ট্রেন চলাচল করতো।
ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার পর্যন্ত ৪৬৭.৮৩ কিলোমিটার দীর্ঘ এ পথে ট্রেনটির যাত্রাবিরতি থাকবে মোট ১২টি স্টেশনে।
ঢাকা ও কক্সবাজার প্রান্তিক স্টেশন ছাড়াও এর মধ্যবর্তী বিমানবন্দর, নরসিংদী, ভৈরববাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট, ফেনী ও চট্টগ্রামে এ ট্রেনের যাত্রাবিরতি থাকবে। নতুন এ সার্ভিস চালুর ফলে ট্রেনটির কুমিরা স্টেশনে যাত্রাবিরতি প্রত্যাহার করা হয়েছে।
সূত্র: jagonews24.com