রেলওয়ে সংবাদ
পাবনা-ঢাকা রুটে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামে চলবে নতুন ট্রেন
আগামী ১৯ নভেম্বর থেকে পাবনা-ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু হচ্ছে। এই রুটে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামে একজোড়া আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
এক নজরে
- আগামী ১৯ নভেম্বর থেকে পাবনা-ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু হচ্ছে।
- এই রুটে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামে একজোড়া আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
আগামী ১৯ নভেম্বর থেকে পাবনা-ঢাকা রুটে চালু হচ্ছে ট্রেন চলাচল। ওই দিন পাবনা রেলওয়ে স্টেশনে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ট্রেন চলাচল উদ্বোধন করা হবে।
এ রুটে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ এবং ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামে নতুন একজোড়া আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় এ তথ্য জানানো হয়।
সভায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে নতুন ট্রেন পরিচালনার জন্য ভারত থেকে আনা ১৮টি কোচ এরই মধ্যে বাংলাদেশে পৌঁছেছে গত ১৬ অক্টোবর। বর্তমানে কোচগুলো সৈয়দপুর রেলওয়ে কারখানায় রয়েছে। এসব কোচ দিয়ে নতুন ট্রেন পরিচালনার প্রস্তুতি চলছে।
প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, ৮০৮ নম্বর ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ পাবনা থেকে সকাল ৮টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে দুপুর ২টা ১০ মিনিটে। ৮০৭ নম্বর ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ঢাকা থেকে বিকেল ৩টা ২৫ মিনিটে ছেড়ে পাবনায় পৌঁছাবে রাত ৯টা ২০ মিনিটে।
তবে ট্রেন দুটির যাত্রাবিরতি ও সময়সূচি এখনো প্রস্তাবের পর্যায়ে। সংশোধনী প্রস্তাবটি অনুমোদনের জন্য বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।
সূত্র: jagonews24.com