রেলওয়ে সংবাদ
ক্রসিংয়ে ট্রাক আটকে, পতাকা উড়িয়ে ট্রেন থামালেন গেটম্যান
টাঙ্গাইলের কালিহাতীতে রেলক্রসিংয়ে বালুবাহী ট্রাকের চাকার এক্সেল ভেঙে আটকে পড়লে লাল পতাকা উড়িয়ে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন থামিয়ে দেওয়া হয়। এতে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
এক নজরে
- টাঙ্গাইলের কালিহাতীতে রেলক্রসিংয়ে বালুবাহী ট্রাকের চাকার এক্সেল ভেঙে আটকে পড়লে লাল পতাকা উড়িয়ে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন থামিয়ে দেওয়া হয়।
- এতে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা বাসস্ট্যান্ড এলাকায় একটি বালুবাহী ট্রাক রেলক্রসিং পার হওয়ার সময় সামনের চাকার এক্সেল ভেঙে রেললাইনের ওপর আটকে যায়। ঘটনাটি ঘটে শনিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে।
এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। বিপদ বুঝতে পেরে সল্লা রেলওয়ের গেটম্যান মিজান দ্রুত লাল পতাকা হাতে নিয়ে ট্রেনের সামনে দাঁড়িয়ে সংকেত দেন। ট্রেনটি সময়মতো থামায় প্রাণে বাঁচেন ট্রেনের হাজারো যাত্রী ও ট্রাকচালক।
গেটম্যান মিজান জানান, ট্রাকটি বালু আনলোড করতে যাচ্ছিল। রেললাইনে ওঠার সময়ই এক্সেল ভেঙে যায়। পরে অন্য একটি ট্রাক দিয়ে টেনে সরানোর চেষ্টা করেও ব্যর্থ হন চালক। পরে কাছের একটি মাটি কাটার মেশিন এনে ধাক্কা দিয়ে ট্রাকটি সরানো হয়।
দুপুর ১২টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। রেললাইনের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সূত্র: jagonews24.com